
মোবাইল ডিভাইসে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ব্যবহার বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন কর্তৃপক্ষ। মোবাইল ডিভাইসে ফেসবুকের ব্যবহার বৃদ্ধি নিয়ে তাই বিনিয়োগকারীদের সতর্ক করে দিয়েছে প্রতিষ্ঠানটি। রয়টার্স জানিয়েছে, ফেসবুক কর্তৃপক্ষের আশঙ্কা, মোবাইল ডিভাইসে ফেসবুকের ব্যবহার বেড়ে যাওয়ায় এর আয় কমে যেতে পারে। কারণ, মোবাইল ডিভাইসের জন্য এখনো যথেষ্ট বিজ্ঞাপন ফেসবুকের হাতে নেই। এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, মোবাইলের জন্য নীতিমালা হিসেবে উন্নত অ্যাপ্লিকেশন ও স্পনসর ফেসবুক গ্রুপ ঠিক করে এ সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, ডেস্কটপ কম্পিউটারে ফেসবুকের সাইডবারে কমপক্ষে পাঁচটি বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকে। কিন্তু মোবাইল ডিভাইসের স্ক্রিন ছোট হওয়ার কারণে সে সুযোগ থাকে না। এ কারণে ফেসবুকের নিউজফিডে বিজ্ঞাপন দেখানো প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে, অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো হলে ফেসবুকের ব্যবহার কমিয়ে দিতে পারে ব্যবহারকারীরা। তাই মোবাইল ডিভাইসের জন্য ফেসবুকের বিজ্ঞাপন দেখানোর নীতিমালা নিয়ে চিন্তিত সংশ্লিষ্টরা।
এদিকে, জরিপকারী প্রতিষ্ঠান কমস্কোরের যুক্তরাষ্ট্রে চালানো সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ডেস্কটপ কম্পিউটারের তুলনায় মোবাইলের মাধ্যমে ফেসবুকে বেশি সময় কাটাচ্ছে মানুষ। মোবাইল ডিভাইসে ফেসবুকের ব্যবহার বেড়ে যাওয়ায় গত তিন মাসে ফেসবুকের আয়ও ৬ শতাংশ কমে গেছে।
আয় নিয়ে ভয় ফেসবুকের! (ভিডিও)
বিশ্লেষকেরা ধারণা করছেন, শিগগিরই হয়তো ফেসবুক কর্তৃপক্ষ মোবাইলে বিজ্ঞাপন দেখানোর নীতিমালা প্রণয়ন করবে। তবে, ঠিক কবে নাগাদ এই নীতিমালা বাস্তবায়ন করা হবে সে বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ মুখ খুলছে না।রয়টার্স জানিয়েছে, ফেসবুক সম্প্রতি শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে ৩৩ কোটি ৭০ লাখ শেয়ার বিক্রির পরিকল্পনা করেছে। প্রতিটি শেয়ারের দাম হতে পারে ২৮ থেকে ৩৫ ডলার। ৯০ কোটিরও বেশি ব্যবহারকারীর এই ওয়েবসাইটটিতে মোবাইল ডিভাইস ব্যবহারকারীদের জন্য যথেষ্ট বিজ্ঞাপন দেখাতে পারছে না প্রতিষ্ঠানটি। কিন্তু বিনা মূল্যের এই সাইটটির আয়ের বেশির ভাগ আসে বিজ্ঞাপন থেকে। তাই মোবাইল ফেসবুকের আয় বাড়াতে মোবাইল ডিভাইসে বিজ্ঞাপনের নীতিমালা প্রণয়ন জরুরি বলেই মনে করছেন বিশ্লেষকেরা।